❌ মিথ্যা (False)

রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে বিএনপির ২ কোটি টাকা অনুদানের দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

M

Mahfuz Hamdan

❌ মিথ্যা (False)
রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে বিএনপির ২ কোটি টাকা অনুদানের দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

ঢাকার মিরপুর-১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ (রাড্ডা ক্লিনিক)-এ গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সময় টিভি’র নামে একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হচ্ছে, রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে বিএনপি ২ কোটি টাকা অনুদান দেবে।


ফটোকার্ডটি ফেসবুকে শেয়ার করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি Tariqul Islam Rana লিখেছেন, “আলহামদুলিল্লাহ! জনগণের পাশে বিএনপি সরকার সবসময় ছিল, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ! এর পাশাপাশি, লুটপাট-ভাঙচুর এর সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।”


তবে অনুসন্ধানে দেখা যায়, ‘সময় টিভি’র নামে প্রচারিত এই ফটোকার্ডটি আসল নয়, এটি সম্পাদিত। ফটোকার্ডে উল্লেখ করা ২৮ সেপ্টেম্বরের তারিখ ধরে সময় টিভির ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রাসঙ্গিক শব্দ ও তথ্য দিয়ে অনুসন্ধান করেও বিএনপির পক্ষ থেকে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ২ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা-সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি।


অন্যদিকে, অনুসন্ধানে দেখা যায়, গত ২৮ সেপ্টেম্বর সময় টিভি রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা সংক্রান্ত একটি ফটোকার্ড প্রকাশ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি সম্বলিত ওই ফটোকার্ডে বলা হয়, “রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দিবে জামায়াত।” একই পোস্টের কমেন্টে সময় টিভি জানায়, “রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে জামায়াতে ইসলামী ৫০ লাখ টাকা অনুদান দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার ক্ষতিগ্রস্ত ক্লিনিক পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।”


এছাড়া, এ বিষয়ে একাধিক সংবাদমাধ্যমেও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণার সংবাদ প্রকাশিত হয়েছে। তবে অনুসন্ধানে বিএনপি বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ২ কোটি টাকা অনুদান দেওয়ার বিষয়ে কোনো নির্ভরযোগ্য সংবাদ বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।


ফটোকার্ডটির ডিজিটাল বৈশিষ্ট্য যাচাইয়ে গুগলের এআই শনাক্তকারী টুল ব্যবহার করেও এটিকে গুগলের এআই দ্বারা তৈরি বা সম্পাদিত হওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে।


সুতরাং, রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে বিএনপির পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদান দেওয়ার দাবিতে ‘সময় টিভি’র নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডটি আসল নয়, এটি সম্পাদিত।

আরও পড়ুন