❌ মিথ্যা (False)

খালেদা জিয়ার হাতে ‘আমার দেশ’ পত্রিকার ছবিটি এআই-নির্মিত

T

Team BC

❌ মিথ্যা (False)
খালেদা জিয়ার হাতে ‘আমার দেশ’ পত্রিকার ছবিটি এআই-নির্মিত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও ‘মিথ্যা ন্যারেটিভের’ প্রতিবাদে গত ৩১ অক্টোবর (শনিবার) এক ফেসবুক লাইভে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলেন। এর পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন।


ছবিতে এক পাশে রাশেদ খানের ‘আমার দেশ’ পত্রিকার কপি ছেঁড়ার দৃশ্য এবং অন্য পাশে সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার সময় ‘আমার দেশ’ পত্রিকা উঁচিয়ে ধরার একটি ছবি দেখা যায়। ছবিটির নিচে লেখা রয়েছে, ‘বেগম খালেদা জিয়ার হাতে “আমার দেশ” পত্রিকা অন্যদিকে নব্য বিএনপি নেতা রাশেদ খানের হাতে “আমার দেশ” পত্রিকা।’


তবে অনুসন্ধানে খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার সময় তাঁর হাতে ‘আমার দেশ’ পত্রিকা থাকার দাবিটির সত্যতা পাওয়া যায়নি।


রিভার্স ইমেজ সার্চে খালেদা জিয়ার হাতে পত্রিকা থাকা ছবিটির অনুরূপ ছবি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের ২০১৮ সালের ১৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ছবিটির ইমেজ রাইটস হিসেবে bdnews24.com-এর নাম উল্লেখ করা হয়েছে। তবে বিডিনিউজ২৪-এর কোন প্রতিবেদনে ছবিটি প্রকাশিত হয়েছিল, তা খুঁজে পাওয়া যায়নি।


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিতে খালেদা জিয়ার হাতে থাকা ‘আমার দেশ’ পত্রিকার কপিতে বড় করে লেখা দেখা যায়, ‘হাসিনা লাশের রাজত্ব কায়েম করছে’। তবে ‘রাজত্ব’ শব্দটির অংশবিশেষ অস্পষ্ট ও ভাঙা দেখা যায়। ছবিটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কি না, তা যাচাই করতে হাইভ মডারেশনে পরীক্ষা করা হলে সেটিকে ৯৯.৯ শতাংশ সম্ভাবনায় এআই-জেনারেটেড হিসেবে শনাক্ত করা হয়। একইভাবে OpenAI-এর Verify টুলেও ছবিটিকে ওপেনএআই টুল দিয়ে তৈরি বলে শনাক্ত করা হয়েছে।


তবে ছবিটির মূল দৃশ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটি ছবি বেগম খালেদা জিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজেও পাওয়া যায়। ২০১৭ সালের ১২ নভেম্বর প্রকাশিত ওই পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ ১২ নভেম্বর রোববার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’


এর সূত্র ধরে বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১২ নভেম্বরের ওই সমাবেশে খালেদা জিয়ার দেওয়া পুরো বক্তব্যের ভিডিও পাওয়া যায়। প্রায় ১ ঘণ্টা ৪ মিনিট ৫০ সেকেন্ডে দেখা যায়, বক্তব্য দেওয়ার সময় খালেদা জিয়া একাধিকবার হাত উঁচু করে কথা বলেছেন। তবে পুরো বক্তব্যে তাঁর হাতে কোনো পত্রিকা দেখা যায়নি।


অর্থাৎ, খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার সময় তাঁর হাতে ‘আমার দেশ’ পত্রিকা থাকার দাবিতে প্রচারিত ছবিটি মূল ছবির সঙ্গে এআই-নির্মিত উপাদান যুক্ত করে তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হয়। ফলে রাশেদ খানের হাতে ‘আমার দেশ’ এবং খালেদা জিয়ার হাতে একই পত্রিকা এমন তুলনা দেখিয়ে প্রচারিত ছবিটি বিভ্রান্তিকর।

আরও পড়ুন