সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নারী সেনাসদস্যদের একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে পাঠানো ৬০০ পাকিস্তানি নারী সেনার মধ্যে ১২৫ জন গর্ভবতী হয়ে দেশে ফিরেছেন।
এমন দাবিতে প্রচারিত কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
তবে অনুসন্ধানে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। রিভার্স ইমেজ সার্চ এবং প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে ৬০০ পাকিস্তানি নারী সেনা সৌদি আরবে পাঠানো কিংবা তাদের মধ্যে ১২৫ জন গর্ভবতী হয়ে দেশে ফেরার দাবির সমর্থনে নির্ভরযোগ্য কোনো সংবাদসূত্র পাওয়া যায়নি। পাকিস্তান, সৌদি আরব কিংবা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমেও এ ধরনের তথ্যের সন্ধান পাওয়া যায়নি।
একই দাবিতে একটি ফটোকার্ড প্রকাশ করে নিজেদের ‘ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম’ হিসেবে দাবি করা ‘ইনফো বাংলা’ নামের একটি ফেসবুক পেজ। তাদের ওয়েবসাইটে প্রকাশিত মূল প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিবেদন অনুযায়ী, মক্কা ডিফেন্স প্যাক্ট বা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীনে ইয়েমেন যুদ্ধে মোতায়েনকৃত পাকিস্তানি সেনাবাহিনীর ৬০০ জন নারী সেনার মধ্যে ১২৫ জনকে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। ২৯ অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, সৌদি সেনাদের কথিত নিপীড়নের শিকার হয়ে এসব নারী সেনা গর্ভবতী হয়ে পড়েছেন। তবে একই প্রতিবেদনে বলা হয়েছে, দাবিটির বিষয়ে পাকিস্তানি বা সৌদি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি এবং স্বাধীন কোনো সূত্র থেকেও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, দাবির সঙ্গে প্রচারিত ছবিটিও পর্যবেক্ষণ করা হয়েছে। ছবিতে থাকা সৈনিকদের ইউনিফর্মের নামের প্যাচ ও বিভিন্ন সামরিক ব্যাজের লেখা এবং নকশায় অস্পষ্টতা ও বিকৃতি দেখা যায়। বিশেষ করে সামনের সারিতে থাকা কয়েকজনের হাত ও আঙুলের গঠনে অসঙ্গতি রয়েছে। কোথাও আঙুলের আকৃতি ও সংযোগ স্বাভাবিক নয়। এছাড়া পেছনে থাকা কয়েকজনের মুখ ও শরীরের বিভিন্ন অংশেও অস্বাভাবিক বিকৃতি ও অস্পষ্টতা লক্ষ্য করা যায়।
ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশন’-এ পরীক্ষা করা হলে এটি ৯৫.৭ শতাংশ সম্ভাবনায় এআই-জেনারেটেড হিসেবে শনাক্ত হয়। একইসঙ্গে ওপেনএআইয়ের ‘ভেরিফাই’ টুলও ছবিটিকে ওপেনএআইয়ের টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে শনাক্ত করে।
উল্লেখ্য, ৭ আগস্ট ২০২৬ সৌদি আরবের মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা ডিফেন্স প্যাক্ট স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ৫ অক্টোবর আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অধীনে ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ সক্রিয় করতে এবং ইয়েমেনের হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবে দ্রুত বাহিনী মোতায়েনে সম্মত হয়েছে। তবে ওই প্রতিবেদনে মোতায়েন করা বাহিনীর সংখ্যা কিংবা সেখানে নারী বা পুরুষ সেনাসদস্যদের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
এছাড়া প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চেও মক্কা চুক্তির অধীনে পাকিস্তান কর্তৃক ৬০০ নারী সেনা সৌদি আরবে পাঠানোর কোনো তথ্য পাকিস্তানি, সৌদি বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমের সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, ‘মক্কা চুক্তিতে সৌদি পাঠানো ৬০০ পাকিস্তানি নারী সেনার ১২৫ জন গর্ভবতী হয়ে দেশে ফিরেছেন’ প্রচারিত দাবিটি ভুয়া ও বিভ্রান্তিকর। দাবিটির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য বা সংবাদসূত্র নেই। একইসঙ্গে দাবির সঙ্গে প্রচারিত ছবিটিও এআই-জেনারেটেড।